
এ সময় প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য কাওছার মিয়া ও সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৫)।
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।
ওই ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসকের সাক্ষাৎ, উন্নত চিকিৎসা এবং কম খরচে সেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য কাওছার মিয়া ও সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি করার কথা স্বীকার করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।