
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।
তিনি (২৮ এপ্রিল, মঙ্গলবার) বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল, ইউনিসেফের প্রতিনিধি Stanley Gwavuya, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি Dr. Ahmed Jamsheed Mohamed।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে আরো জটিল হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।
মন্ত্রী আরো বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। তিনি এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে সচিব বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পানি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন সম্ভব নয়।