
শুভ দেব চাকমা : পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বা ইউপিডিএফ (গণতান্ত্রিক) আনুষ্ঠানিকভাবে দল বিলুপ্ত ঘোষণা করেছে। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার নেতৃত্বে জেএসএস (মূল)-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) খাগড়াছড়ির মধুপুরে অবস্থিত দলীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা অমল কান্তি চাকমা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ১৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং চুক্তিবিরোধী অগণতান্ত্রিক ইউপিডিএফ থেকে বের হয়ে তপনজ্যোতি চাকমা ও শ্যামল চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গঠিত হয়। গঠনের পর থেকেই দলটি প্রতিপক্ষের হামলা, হত্যাচেষ্টা ও নানা নিপীড়নের মুখেও পার্বত্য চট্টগ্রামে শক্ত অবস্থান গড়ে তোলে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের প্রধান তপন জ্যোতি চাকমাসহ বহু নেতাকর্মী এই সময়কালে নিহত হন। শুরুর দিকে জেএসএস (এম.এন. লারমা) দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরবর্তীতে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নেয়। অভিযোগ করা হয়, জেএসএস (এম.এন. লারমা)-এর কয়েকজন নেতা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
এছাড়া দলটির দাবি, জেএসএস (এম.এন. লারমা) গোষ্ঠীর পক্ষ থেকে এলাকায় চাঁদাবাজি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালানো হয়। এতে দলের অস্তিত্ব ও নেতাকর্মীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ে।
এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের জীবন রক্ষা এবং ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, ভবিষ্যতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামেও কোনো কর্মসূচি বা রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে না।
সংবাদ বিজ্ঞপ্তির শেষাংশে দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও বিপ্লবী শুভেচ্ছা জানানো হয়।