News update
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
খবর 2026-06-04, 9:12pm

এতিমের টাকা আত্মসাতের খবর ভিত্তিহীন’, ঘিওরে সংবাদ সম্মেলনে আসল সত্য ফাঁস করলেন ওয়াসিম

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781780585958.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি। মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ওয়াসিম মিয়া।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে ওয়াসিম মিয়া বলেন, গত ৩ জুন কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে ‘মানিকগঞ্জের ভুয়া অ্যাডভোকেট পরিচয়ে এতিমের ১৮ লাখ টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি কোনো ভুয়া অ্যাডভোকেট নন এবং কোনো অর্থ আত্মসাতের সাথেও জড়িত নন। মূলত পারিবারিক সম্পত্তি ও ব্যাংক হিসাবসংক্রান্ত বিরোধের জেরে এই মিথ্যা কাহিনী সাজানো হয়েছে।

তিনি ঘটনার বিবরণ দিয়ে জানান, তাঁর ফুফু রাজিয়া বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগের অফিস সহায়ক ছিলেন। স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর পর তিনি একাকী হয়ে পড়লে ওয়াসিম মিয়ার পরিবারের তত্ত্বাবধানেই বসবাস করতেন। জীবদ্দশায় ফুফুর দেখভাল ও সেবার কারণে তিনি ওয়াসিম মিয়াকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাঁর নিজের ব্যাংক হিসাবের নমিনি করে যান।

ওয়াসিম মিয়ার ভাষ্য অনুযায়ী, রাজিয়া বেগম মৃত্যুর আগে তাঁর নাতি টিপু রহমানের নামে ১৮ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট (এফডিআর) করে দিয়ে যান। অন্যদিকে, নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে থাকা প্রায় ১৯ লাখ ৫ হাজার টাকার জন্য ওয়াসিম মিয়াকে আইনগতভাবে নমিনি হিসেবে মনোনীত করেন।

তিনি অভিযোগ করে বলেন, রাজিয়া বেগমের মৃত্যুর পর ওই অর্থের দাবিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে একটি পক্ষ তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং তাঁর চাকরি ক্ষেত্রের ক্ষতি করার উদ্দেশ্যে গণমাধ্যমে এমন বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য সরবরাহ করেছে।

সংবাদ সম্মেলনে ওয়াসিম মিয়া প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ঘটনার সঠিক সত্যতা ও তথ্য যাচাই করার আহ্বান জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরণের মিথ্যা সংবাদের কারণে তিনি সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।