
এসএম জুবায়ের : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে জুড়ী থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল ইসলাম, মামুনুর রশীদ, ব্যবসায়ী রোশমত আলমসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর উদ্যোগে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সরকারি তহবিলের পাশাপাশি এমপির ব্যক্তিগত অর্থায়নেও এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্তকরণ, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, "বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। নিরাপদ ও আধুনিক মৌলভীবাজার-১ আসন গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এ সিসিটিভি নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।