
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা সমাজসেবা অফিস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ঘিওর ইউনিয়নে বর্তমানে বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৭ জন, বিধবা ৩৯৩ জন এবং প্রতিবন্ধী ভাতাভোগী ৬৯৯ জন। পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউপি সদস্য সনাজউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান, ভাতাভোগীদের বিভিন্ন সরকারি সেবা পেতে যাতে দূরে যেতে না হয় এবং হয়রানি ও ভোগান্তি কমে, সে লক্ষ্যেই ওয়ার্ড পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঘিওর ইউনিয়নের সব ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।