
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে সরকারি খাল অবৈধ দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও কৃষক সমাজ। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধের চেষ্টা করলে সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবিরের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলহারা বাজারসংলগ্ন এলাকায় ফুলহারা, মৌহালী, কলিয়া ও গোলাপনগর গ্রামের সাধারণ জনগণ ও কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুলহারা, মৌহালী ও কলিয়াসহ কয়েকটি এলাকার সঙ্গে সংযুক্ত ঐতিহ্যবাহী সরকারি খালটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এতে কৃষিজমিতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত খালটি দখলমুক্ত করে পুনঃখনন করা না হলে কৃষি উৎপাদন ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় অংশগ্রহণকারীরা ‘সরকারি খাল দখলমুক্ত করো, কৃষকের মুখে হাসি ফোটাও’ এবং ‘খাল বাঁচলে পরিবেশ বাঁচবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বড়টিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী, যুবদল সদস্য ইয়াকুব হোসেন, শিক্ষক কারিম মোল্লা (মাস্টার), স্থানীয় বাসিন্দা রাজ্জাক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন আন্দোলনকারী রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবিরের নির্দেশে উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান শীতল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি সংসদ সদস্যের বার্তা পৌঁছে দিয়ে জানান, এস.এ. জিন্নাহ কবির নিজে সরেজমিনে এলাকা পরিদর্শন করবেন এবং খালটি উদ্ধার ও পুনঃখননের বিষয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ আশ্বাসের পর আন্দোলনকারীরা শান্ত হন এবং সড়ক থেকে গাছ সরিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।