
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৮ অক্টোবর) রাত ৯ ঘটিকার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন এবং যানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। পুলিশ ট্রাক ও ইজিবাইকটি হেফাজতে নিয়েছে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।