
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ইলিশ মাছ বহনের দায়ে মোঃ জসিম ইসলাম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল-সংলগ্ন আইসিটি ভবনের সামনে অভিযান চালিয়ে আনুমানিক ৬ থেকে ৭ কেজি ইলিশ মাছ বহনের দায়ে তাঁকে এ জরিমানা করা হয়। জসিম ইসলামের বাড়ি সিংগাইর উপজেলায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজরিন নাহার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার ও সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় গোলাপনগর জামিয়া ফখরিয়া উম্মে ছালামা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।