
এস এম খুররম আজাদঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং যুব ঋণের চেক, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি যুবকদের প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ এবং সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ আলম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।