
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বিষধর সাপের কামড়ে মো. আওলাদ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কাটার পর প্রথমে ঝাড়ফুঁক করানো হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে অ্যান্টিভেনম ও উন্নত চিকিৎসার আশায় একের পর এক হাসপাতালে ছুটে যান স্বজনেরা। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজের লালশাক ও ফুলকপির খেতে কাজ করার সময় একটি সাপ তাঁকে ছোবল দেয়। বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। পরে তিনি খাওয়া-দাওয়া করে বাজারে গেলে হঠাৎ শরীরে তীব্র ব্যথা শুরু হয় এবং অবস্থার অবনতি ঘটে।
পরে স্বজনেরা তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের দাবি, সেখানে তাঁকে অ্যান্টিভেনম ও স্যালাইন দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় পয়লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাজমা আক্তার জানান, মাঠে কাজ করার সময় আওলাদ সাপের কামড়ের শিকার হন। বাড়িতে ফেরার পর প্রথমে ঝাড়ফুঁক করানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের শ্যালক মো. জাহিদ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে। তিনি বর্তমানে ছুটিতে আছেন। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, গোখরা কিংবা অন্য কোনো বিষধর সাপ তাঁকে কামড় দিয়ে থাকতে পারে। তবে সাপের প্রজাতি নিশ্চিত হওয়া যায়নি।