
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) অভিবাসী ফোরামের নির্বাচনে সভাপতি পদে মো. সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. শামসুল হোসেন নির্বাচিত হয়েছেন ।
শনিবার (১৪ নভেম্বর) ঘিওর সদর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় আশরাফ খানের উঠানে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।
ঘিওর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৬ জন অভিবাসী ভোটারের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৩০ জন নারী । ফোরামের আট সদস্যের কমিটির আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৩ জন প্রার্থী ।
সভাপতি পদে আনারস প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. সালমান হোসেন । তার প্রতিদ্বন্দ্বী আখি আক্তার ও মনোয়ারা বেগম পান সমান সংখ্যক ৪টি করে ভোট । সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন মো. শামসুল হোসেন (পাপ্পু) । তার প্রতিদ্বন্দ্বী মো. রাজু মিয়া পান ১৩ ভোট ।
এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. হাবিবুর রহমান খান । যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন মিলন কুমার শীল । তার প্রতিদ্বন্দ্বী মো. আক্কাছ আলী পান ২৮ ভোট । সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন শাহিদা বেগম । তার প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম পান ২ ভোট । কোষাধ্যক্ষ পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন মো. হাবিবুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী আয়ুব আলী পান ১৫ ভোট । প্রচার সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন শামসুন্নাহার । এ পদে মো. নবু খান পান ২২ ভোট ।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার সঞ্জিদ কুমার নাথ । এ সময় উপস্থিত ছিলেন ওকাপের ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার আমেনা আক্তার এবং কমিউনিকেশন অফিসার সোহেল সাদ । নির্বাচন পরিদর্শক হিসেবে ছিলেন হরিরামপুর উপজেলা ওকাপের সিএম তাহমিনা আক্তার । নির্বাচন তত্ত্বাবধানে ছিলেন ঘিওর উপজেলা ওকাপের প্রজেক্ট অফিসার মো. মোফকারম হোসেন ।
উল্লেখ্য, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বাংলাদেশের একটি তৃণমূলভিত্তিক সংগঠন । নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, নারী অভিবাসীদের সুরক্ষা, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসীদের আইনি সহায়তা ও পুনর্বাসনে কাজ করে সংস্থাটি ।