
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলার কোশুন্ডা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত ১২টার পর থেকে সুরুজ মিয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ছেলে নয়ন মিয়া ঘিওর থানায় অভিযোগ করেন। সোমবার সকালে স্থানীয় নজরুল ইসলাম নিজের আমবাগানে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যদের খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য রতন মিয়াসহ পরিবারের সদস্যরা জানান, সুরুজ মিয়া গত পাঁচ-ছয় মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।