
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বীর সিংজুরী গ্রামের বাড়ির পাশের বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের গলায় দাগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে চাকরি করতেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তাঁর শাশুড়ি হাসনা বেগম (৬৫) বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে চম্পার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় মরদেহের পাশে তাঁর ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে থাকতে দেখা যায়।
নিহতের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ে জানায়, তার মায়ের মোবাইল ফোনে অচেনা একটি নম্বর থেকে মাঝেমধ্যে কল আসত। ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পর তার মা অনেক ভয় পেতেন। একদিন মায়ের ব্যস্ততার কারণে সে ফোনটি রিসিভ করে। এ সময় অপর প্রান্তের ব্যক্তি তার মাকে ফোন দিতে বললে সে কেন বারবার তার মাকে বিরক্ত করা হচ্ছে জানতে চায়। এতে ওই ব্যক্তি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে দাবি করে সে।
এদিকে চম্পা বেগমের স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, তিনি প্রায় দুই বছর আগে অন্যত্র বিয়ে করে টাঙ্গাইলের অজ্ঞাত স্থানে বসবাস করছেন। চম্পা গার্মেন্টসে চাকরি করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, গার্মেন্টসকর্মী চম্পার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।