
আজকের প্রভাত ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পানি, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাহাড়ের মাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এতে সোনা ফলানো সম্ভব এবং শুধুমাত্র কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমেই এই অঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে দেওয়া যাবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা গেলে পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, পাহাড়ের নদী, ঝিরি, ছড়া ও জলাধারগুলো সচল রাখতে হলে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং পানির উৎসগুলো চিহ্নিত করে সুরক্ষার উদ্যোগ নিতে হবে। কারণ পার্বত্য অঞ্চলের পানির ওপর শুধু পাহাড়ি জনগোষ্ঠী নয়, সমতলের বৃহৎ জনগোষ্ঠীর জীবন-জীবিকাও নির্ভরশীল।
কাপ্তাই লেকের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কাপ্তাই লেক বাংলাদেশের অন্যতম অনন্য প্রাকৃতিক সম্পদ। এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একটি সুস্পষ্ট ও স্থায়ী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। লেকের আশপাশের বসতি, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে। বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পার্বত্য অঞ্চলে পর্যটন বিকাশের অপার সম্ভাবনা তুলে ধরে সাচিং প্রু বলেন, বারইয়ারহাট থেকে খাগড়াছড়ি, আলুটিলা, সাজেক, রাঙ্গামাটি, কাপ্তাই লেক, চন্দ্রঘোনা হয়ে বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং সেখান থেকে লামা-আলীকদম হয়ে কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত পর্যটন রুট গড়ে তোলা সম্ভব। এ জন্য আন্তঃজেলা সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটন অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। এর ফলে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় জনগণের ব্যাপক কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
কৃষি খাতের উন্নয়নের বিষয়ে পার্বত্য মন্ত্রী বলেন, পাহাড়ি জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কফি, কাজুবাদাম, লটকন, রাম্বুটান ও বিভিন্ন মসলা জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য এলাকায় তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা প্রদানের মাধ্যমে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় কাজুবাদাম উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং চিম্বুক অঞ্চলে কফি চাষে আগ্রহ বাড়ছে। এসব কৃষিপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
মন্ত্রী পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে ২৬টি উপজেলার জলভাগ ও স্থলভাগের জন্য নতুন করে ২৬টি অ্যাম্বুলেন্স বরাদ্দ রাখা প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন। শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত মেধা যাচাইয়ের সুযোগ পাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে খেলার মাঠ সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন এবং পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহামদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন এবং রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।