News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
প্রথম পাতা 2026-03-02, 5:07pm

বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আগামী দিনে সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করতে যৌথ উদ্যোগ নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

inbound8763840766651080057-098ca38b76691630ced0259d20f7b62e1772449641.jpg

আমরা আলোচনা করেছি কীভাবে আগামী দিনে এই বাণিজ্যিক সম্পর্ককে আরও সহজ ও ভালো করা যায়।


বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক 

ঢাকা : ২ মার্চ ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,গত দেড় বছরে তৈরি হওয়া বিভিন্ন বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে আগামী দিনে সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করতে যৌথভাবে উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিস কক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন , দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে যে কিছু জটিলতা তৈরি হয়েছিলো, তা কাটিয়ে ওঠার সময় এসেছে। এলডিসি গ্রাজুয়েশন বা উত্তরণ পেছানোর প্রক্রিয়া থেকে শুরু করে নিত্যপণ্যের জোগান নিশ্চিত করা—সবক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে ১১ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। তবে গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যা আমরা হাইকমিশনারের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আমরা আলোচনা করেছি কীভাবে আগামী দিনে এই বাণিজ্যিক সম্পর্ককে আরও সহজ ও ভালো করা যায়।

মন্ত্রী আরও জানান, এলডিসি গ্রাজুয়েশন পেছানোর বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছিলো, সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতামূলক অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যে তার প্রভাব পড়বে, যা আমাদের ওপরও আসতে পারে। তবে আশার কথা হলো, দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও জোগান রয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম , বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ( রপ্তানি) মো. আবদুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।