
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে টিনের বেড়ায় লিকেজ হওয়া বিদ্যুতের তারের স্পর্শে পূর্ণিমা আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঘিওর উপজেলার চরবিনোড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা ওই গ্রামের মৃত জামাল খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা তার ভাই মিজানুর রহমানের সঙ্গে বাড়িতে খড়ের গাদা দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত ঘরের বিদ্যুতায়িত টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, বিদ্যুতের লাইন লিকেজ থাকায় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।