
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে ঘিওর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মিজানুর রহমান।
সভায় উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিটি মণ্ডপে পুলিশি তৎপরতা জোরদার করার আশ্বাস দেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, ঘিওর নাটমন্দিরের সভাপতি রাম সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সভাপতি পিন্টু দাসসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।