
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: নিখোঁজের ১০ দিন পর ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে মানিকগঞ্জের ঘিওরের কলেজছাত্র হৃদয়ন আনসারীকে (২৫)। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টার দিকে নবীনগর এলাকায় তাঁকে রাস্তায় ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে হৃদয়ন অন্য এক ব্যক্তির মোবাইল ফোন থেকে নিজেই তাঁর মাকে ফোন করে অবস্থান জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকার মগবাজার রেলগেট এলাকার ইনসাফ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
হৃদয়ন ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তারাইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারী ও শারমিন আক্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হন হৃদয়ন। পরিবারের অভিযোগ, পরদিন অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে তাঁকে জিম্মি রাখার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফায় বিকাশ ও নগদে মোট ৪০ হাজার টাকা পাঠান স্বজনেরা। তবে টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় ২৫ অক্টোবর কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হৃদয়নের মামাতো ভাই ফয়সাল মাহমুদ। পাশাপাশি র্যাব-৩-এর কাছে লিখিত অভিযোগ দেয় পরিবার।
হৃদয়নের সন্ধান চেয়ে গত ২ নভেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। দীর্ঘ ১০ দিন পর তাঁর সন্ধান পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরেছে। তবে তাঁকে কারা ও কী কারণে জিম্মি করেছিল, তা জানা যায়নি। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।