News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-27, 11:28pm

চ্যাম্পিয়ন পুরস্কার মহিষ, রানার্সআপ ষাঁড়—ঘিওরে হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

1000198823-70198d1c44696692015b898e4423ee061795800488.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি নকআউট হাডুডু টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনাল। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কুস্তা আল-আমিন সংঘ ২ পয়েন্টে সিংজুরী রামেশ্বর পট্টি যুব সংঘকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলার প্রসারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির।

খেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত আলী খানের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া। এ সময় জেলা যুবদলের অন্যতম সদস্য মো. আমির হামজা পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাটি সন্ধ্যা ৬টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মহিষ এবং রানার্সআপ দলকে একটি ষাঁড় গরু দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। ব্যতিক্রমী এ পুরস্কারকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।