
মো: আশফিকুর রহমান সরকার , হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে 'এ' ইউনিটের মাধ্যমে প্রথমদিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
আজ সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ‘এ’ তিনটি শিফটে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এ সময় আরও সাথে ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, মেডিকেল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর মহোদয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজকের ‘এ’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২৭৫ জন এবং উপস্থিতির হার শতকরা ৮১ ভাগ । এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর ১৭৯৫ টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।